
৩৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল ২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই, ২০২৬) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খায়ের জাহান সোগরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন ও ট্রেজারার প্রফেসর আবদুল খালেক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন এবং গীতা থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে নবীন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। এরপর বর্তমান শিক্ষার্থীদের হাত থেকে ফুল গ্রহণের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন। এরপর বিশেষ অতিথিরা একে একে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মাননীয় ভাইস-চ্যান্সেলর নবীনদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের নয়; এটি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিয়মানুবর্তিতা, গবেষণামুখী চিন্তাভাবনা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়তে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে স্বাগতম”।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রভোস্টবৃন্দ ও কর্মকর্তারা। অনুষ্ঠানের সভাপতি সনেট কুমার সাহার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।



